
মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি ক্লাব মোড় এলাকায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে নয়টি গোডাউন পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
আগুনের খবর পেয়ে কোনাবাড়ী ও আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রয়েছে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে গোডাউন এলাকা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে তারা বিষয়টি বুঝতে বুঝতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলেও গোডাউনগুলোতে বিপুল পরিমাণ দাহ্য জুটের মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ জুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গোডাউন মালিকদের দাবি, আগুনে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের মধ্যে ইদ্রিস, সুজন, রমজান, বাচ্চু ও আবুল মেম্বারের নাম জানা গেছে। তারা জানান, গোডাউনগুলোতে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ জুটের মালামাল মজুত করে রাখা হয়েছিল। আগুনে এসব মালামালের অধিকাংশই পুড়ে গেছে বলে তারা দাবি করেন।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
মন্তব্য করুন