
মিলন কুমার, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ
‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনের আদিতমারী উপজেলা এ্যাকশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা এ্যাকশন কমিটির আহ্বায়ক গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা অংশ নেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ সংগঠনটির প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ২০০৩ সালের ১৩ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জেলার মাদক, জুয়া, দাদন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও বহুবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সভায় উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, নাদিরুল ইসলাম মানিক, আবু ইয়াহিয়া ইউনুস ও শিল্পপতি আব্দুল হাকিমসহ অন্যান্যরা।
এ সময় ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা এ্যাকশন কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলার আটটি ইউনিয়নের আটজন সমন্বয়কারী উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন