
উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালনের অভিযোগে গ্রেপ্তার আহসান হাবিব রবিনকে (২৫) দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নওগাঁ জেলা শাখা।
বুধবার (৪ নভেম্বর) জেলা শাখার পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কারাদেশে রবিনকে মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে একটি পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে আহসান হাবিব রবিনকে মহাদেবপুরের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় রবিন প্রধান ভূমিকা পালন করেন। তার বাসা থেকে ছিনতাই হওয়া ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন পিকআপ চালক সোহেল রানা ও মুন্না। আর ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেন রবিন। তারা তিনজন মিলে গত এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা কৃষক দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব রবিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন