
*মোঃ সুজন মাহমুদ*| *স্টাফ রিপোর্টার*
নাটোরের জনমনে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তার প্রত্যাশা জোরদারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি জনগণের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাটোর সদর থানাধীন কাফুরিয়া ইউনিয়নের পীরগঞ্জ বাজারে নাটোর সদর থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
তিনি বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহসহ যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ সুপার জনসাধারণের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সার্কেল উদয় কুমার সাহা, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সুধীজন।
জনগণের অভিযোগ শুনে সেবামূলক পুলিশিংকে আরও গতিশীল করা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ ‘ওপেন হাউজ ডে’ নাটোরের জনমনে পুলিশি সেবা ও নিরাপত্তা নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন