
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিক ও কর্মীদের নিয়ে আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাকর ফাইনালে ইকোটেক্স একান্ত ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফারইষ্ট গোবিন্দগঞ্জ কল্যাণ সমিতি।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা মিনি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পোশাক শ্রমিকদের কাজের ক্লান্তি দূর করা এবং তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে স্থানীয়ভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলাটি দেখতে মাঠ প্রাঙ্গণে স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক এবং বিভিন্ন কারখানার শ্রমিকদের ঢল নামে।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের মাধ্যমে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। তবে চমৎকার মাঠের সমন্বয় ও নিখুঁত ফিনিশিংয়ের সুবাদে ফারইষ্ট গোবিন্দগঞ্জ কল্যাণ সমিতি প্রতিপক্ষের জালে ২টি গোল জড়াতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ইকোটেক্স একান্ত ফুটবল একাদশ কোনো গোল শোধ করতে না পারায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফারইষ্ট গোবিন্দগঞ্জ কল্যাণ সমিতি।
খেলা শেষে মাঠে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী জসিম দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মো. মোয়াজ্জেম হোসেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার শামসুল সরকার,বাবুল সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণকালে অতিথিরা বলেন, পোশাক শ্রমিকদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এবং কাজের ক্লান্তি দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গার্মেন্টস কর্মীদের নিয়ে এমন চমৎকার ও উৎসবমুখর ক্রীড়া আয়োজন সত্যিই প্রশংসনীয়। ব্যাপক আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন