
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার ক্রাইম’সহ বিভিন্ন পোর্টালে ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার জনাব আনোয়ারুল হাসানকে জড়িয়ে “ভালুকায় সাব-রেজিস্ট্রারের খেয়ালী আচরণের অভিযোগ: ২০টি দলিল না রেজিস্ট্রেশন করে অফিস ত্যাগ, দলিল লেখকদের কলম বিরতি” শীর্ষক যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আনীত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদে যে প্রায় ২০টি দলিল রেজিস্ট্রি না করার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো অফিসের নির্ধারিত সময় বা ‘অফিস আওয়ার’ শেষ হওয়ার পর উপস্থাপন করা হয়েছিল। সরকারি বিধিমোতাবেক নির্ধারিত সময়ের পর নতুন কোনো দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই।
সাব-রেজিস্ট্রার মহোদয় সরকারি নিয়ম ও আইন মেনেই তাঁর দায়িত্ব পালন করেছেন। অফিসে উপস্থিত থেকে সময়সীমার মধ্যে আসা সকল বৈধ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে নিয়ে আসা দলিল গ্রহণ না করাকে ‘স্বেচ্ছাচারী আচরণ’ বা ‘অফিস ত্যাগ’ হিসেবে উপস্থাপন করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।
ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত সেবাগ্রহীতাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়মমাফিক সেবা প্রদান করা হচ্ছে। কর্মকর্তা সম্পর্কে ‘অহংকারী’ বা ‘দায়িত্বহীনতার’ যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
প্রকৃত ঘটনা যাচাই না করে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।
আমরা সংশ্লিষ্ট সকল অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে প্রকৃত সত্য প্রকাশ করে পাঠকদের সঠিক তথ্য জানার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী:
ভালুকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের
মন্তব্য করুন