
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ‘মিম অ্যান্ড মাইছা ভিলা’ নামের একটি বাড়ি দখলের চেষ্টা, দেড় কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কামরুল ঢালী নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাড়িটির মালিক রোকসানা পারভিন।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে দলবল নিয়ে ওই বাড়িতে গিয়ে মালিককে হুমকি-ধমকি দেন কামরুল ঢালী। এ সময় বাড়ির মালিকের কাছে দেড় কোটি টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বাড়ির নিরাপত্তাকর্মীকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আহসানউল্লাহ খান রুবেল ও তারেক চৌধুরীর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কামরুল ঢালী। তাঁদের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিক রোকসানা পারভিনের নিরাপত্তা এবং বাড়িটির মালিকানা সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে কামরুল ঢালীর বক্তব্য জানা যায়নি।
মন্তব্য করুন