
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মোহাম্মদ নুরুজ্জামান
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতি
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সংসদ সদস্য জনাব মো. মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি জনাব মো. বিপি ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিপি হেলাল উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আটাবহ ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আটাবহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক একটি বিশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি কালিয়াকৈর উপজেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে যোগ দেয়।
আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা যুবদল নেতা খাইরুল হাসান রিপন, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রকি আহমেদ, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ মিছিলটির নেতৃত্ব দেন।
স্লোগানে মুখর কালিয়াকৈর
র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিএনপির নেতারা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক ক্রাইম নিউজ ২৪ | কালিয়াকৈর, গাজীপুর
মন্তব্য করুন