
মোহাম্মদ রাসেল হাওলাদার ক্রাইম রিপোর্টার বাগেরহাট
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত
আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ (বিডা/ইনভেস্ট বাংলাদেশ) এবং চীনের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি; বন, পরিবেশ ও
জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি; নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন ফারুক, এমপি এবং কমিটির সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নৌপরিবহন সচিব মোঃ আতাউর রহমান খান, এনডিসি; চীনের সিআরসিসির চেয়ারম্যান (উপমন্ত্রী পদমর্যাদার) দাই হেগেন, বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সোং ইয়াং এবং সিসিইসিসির চেয়ারম্যান লি চোংইয়াংসহ দেশি-বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের পণ্য ওঠানামার সক্ষমতা বৃদ্ধি, আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি সঞ্চার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ প্রকল্প। মোংলা বন্দরকে আধুনিক, গতিশীল ও আন্তর্জাতিক মানের বাণিজ্যিক বন্দরে রূপান্তরের এই উদ্যোগকে দেশের অর্থনীতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন