
মোহাম্মদ নুরুজ্জামান শেখ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি অংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এ মিছিলে আশপাশের এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়।
মিছিলের সময় স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কমিটি অনুমোদনের পর মিছিল
স্থানীয় নেতাকর্মীদের দাবি, সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি এবং কালিয়াকৈর পৌর যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই দুটি কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এর সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী চন্দ্রা এলাকায় এ ঝটিকা মিছিল বের করেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা খাত্তাব মোল্লাকে এদিন মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
পুলিশের বক্তব্য
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন