
আপনার বহুল প্রচারিত পত্রিকা/অনলাইন পোর্টালে সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ আক্তারকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে আমাকে তথাকথিত ‘হ্যানি ট্র্যাপ’ চক্রের সাথে জড়িত বলে যে অভিযোগ তোলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার মানহানি করার একটি কুচক্রী মহলের অপচেষ্টা মাত্র। আমি স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। বিগত ১০টি বছর ধরে দিনমজুর, গরিব, দুঃখী ও খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। আমার এই দীর্ঘদিনের সুনাম ও অর্জিত ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে এই অনৈতিক ঘটনার সাথে আমার কোনো দূরবর্তী সম্পৃক্ততা নেই।
আমার একমাত্র ভরসার জায়গা হলো আমার এলাকার সর্বস্তরের জনগণ। তাই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই মিথ্যা সংবাদের প্রতি সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে, কোনো ধরনের সত্যতা যাচাই না করে এমন মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি আমার এলাকার সর্বস্তরের জনগণের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।
প্রতিবাদকারী
শাহানাজ আক্তার
সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)
১০নং হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ, ভালুকা, ময়মনসিংহ।