
মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ রজব আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা এম এ কাশেমের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ অভিযান পরিচালনা করেন। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এনায়েতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বেতিল চর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৯ পোটলা হেরোইন ও ১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী এম এ কাশেম ২০১৬ সালে ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান ফকির, এনায়েতপুর থানা বিএনপির নেতা ও মেম্বার পদপ্রার্থী শরিফুল ইসলাম শরীফ, যুবদল নেতা সারোয়ার হোসেন, মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন শেখসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ।
এম এ কাশেম বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, বেতিল চরসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে এনায়েতপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।